সংখ্যালঘু সুরক্ষা আইন ও সংখ্যালঘু সুরক্ষা কমিশন গঠন করে সব হত্যাকাণ্ডের বিচারসহ ২৪ প্রজন্মের প্রত্যেক শহীদকে বীর ঘোষণার দাবি জানিয়েছে জাগ্রত বাংলাদেশ (জেবিডি) নামে এক সংগঠন। সোমবার (১২ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয় সংগঠনটির পক্ষ থেকে।
মানববন্ধনে সংগঠনের সভাপতি আজমুল জিহাদ বলেন, এই দেশ বিনির্মাণে সকল শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি, বিশেষ করে ২৪ প্রজন্মের সকল শহীদের আত্মার শান্তি কামনা করছি।
তিনি নিজেদের দাবি তুলে ধরে বলেন, আমরা দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভা করার কথা বলছি, আমরা শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের কথা বলছি। একটা দেশে ১৭টি পদ্ধতির শিক্ষা ব্যবস্থা চালু রেখে কখনোই জাতিকে ঐক্যবদ্ধ করা যাবে না, একমুখী শিক্ষাব্যবস্থা অষ্টম শ্রেণি পর্যন্ত বাস্তবায়ন করতে হবে।
এ সময় তিনি সংখ্যালঘু সুরক্ষা আইন ও সংখ্যালঘু সুরক্ষা কমিশন গঠন করে সকল হত্যাকাণ্ডের বিচারের দাবি জানান। এছাড়া ২৪ প্রজন্মের প্রত্যেক শহীদকে বীর ঘোষণার দাবিও জানান তিনি।
এই সরকারকে ঔপনিবেশিক আইন বাতিল করে স্বাধীন দেশ উপযোগী আইন প্রণয়ন, রাষ্ট্রীয় কাঠামো ও শাসনব্যবস্থার পরিবর্তন করে সকল শ্রেণি-পেশার কর্মজীবীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করাসহ বেশকিছু দাবি তুলে ধরেন দলটির নেতারা।
জেবিডি’র সভাপতি আজমুল জিহাদের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক নুরুল আমিন ভূঁইয়ার সঞ্চালনায় সভায় সাংগঠনিক সম্পাদক অ্যাড. মহিউদ্দিন মামুন, ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রবি, কেন্দ্রীয় কমিটির সদস্য জাসেম আলমসহ কেন্দ্রীয় ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।








