দাবি পূরণের আশ্বাসে আনসার সদস্যদের আন্দোলন স্থগিত ঘোষণা করা হয়েছে। আনসার সদর দফতরের সহকারী পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা রুবেল হোসাইন এ তথ্য জানান।
মঙ্গলবার (১৩ আগস্ট) আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নবনিযুক্ত মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ আনসার সদস্যদের ৫ জন সমন্বয়ককে সঙ্গে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে তাদের চাকরি স্থায়ী করার জন্য বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক চিঠি হস্তান্তর করেন।
রুবেল হোসাইন আরও জানান, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর স্মার্ট কার্ডধারী অঙ্গীভূত আনসার সদস্যদের চাকরি স্থায়ীকরণের দাবি অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের কাছে উপস্থাপন করা হলে তিনি দাবি পূরণের জন্য সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন। একইসঙ্গে সব সদস্যকে ধৈর্য ধারনের আহ্বান জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা এসময় তাদের কথা শোনেন এবং তাদের চাকরি স্থায়ীকরণের জন্য মন্ত্রণালয়কে নির্দেশনা প্রদান করেছেন। একইসঙ্গে তাদের অন্য দাবিগুলো পূরণের জন্য মহাপরিচালককেও কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দিয়েছেন।
দীর্ঘদিনের এই দাবির প্রশাসনিক প্রক্রিয়া একইসঙ্গে আলোর মুখ দেখার পাশাপাশি অঙ্গীভূত আনসারদের রেস্ট টাইম কমিয়ে আনা, রেস্টকালীন সময়ে রেশন প্রদানসহ সম্ভাব্য সব কল্যাণমূলক সুবিধাদি প্রদানের বিষয়ে ইতিবাচক উদ্যোগ গ্রহণ করা হবে। সব আনসার সদস্যকে বিষয়টি অনুধাবন করে কর্তৃপক্ষকে সহযোগিতা এবং জনদুর্ভোগ সৃষ্টি হয়— এমন কাজ থেকে বিরত থাকার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা আহ্বান জানিয়েছেন।
সার্বিক স্থায়ীকরণের কার্যক্রমকে বেগবান করার জন্য সমন্বয়করা আনসার ও ভিডিপি সদর দফতরের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় সাধনের মাধ্যমে সার্বিক অগ্রগতির তথ্য হালনাগাদ করবেন। সুদীর্ঘ ইতিহাসের ধারক এই বাহিনীর সব সদস্যকে বর্তমান পরিস্থিতি বিবেচনাপূর্বক দায়িত্বশীল আচরণ ও পেশাদারত্বের সঙ্গে কর্তব্য পালনের জন্য নির্দেশনা দেন।









