আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে রাজধানী ঢাকা পরিণত হয়েছে বিক্ষোভ, সমাবেশ ও মানববন্ধনের শহরে। নিজেদের দাবি আদায়ে সোচ্চার হয়েছে দেশের বিভিন্ন সংগঠন।
এরই প্রেক্ষিতে আজ সোমবার (১৯ আগস্ট) সচিবালয়ের সামনে নিজেদের দাবি আদায়ে সমবেত হয়েছে বিভিন্ন সংগঠন। এতে সচিবালয়ের সামনের রাস্তায় একটি লেনে যান চলাচল বন্ধ হয়ে আছে। অপর একটি লেন দিয়ে দুই লেনের সব যানবাহন চলাচল করছে।
সরেজমিনে সোমবার দুপুরে সচিবালয়ের সামনে আব্দুল গণি রোডে দেখা যায়, সচিবালয়ের সামনে নিজেদের দাবি আদায়ে বিক্ষোভ, সমাবেশ, মানববন্ধন পালন করতে সমবেত হয়েছেন গ্রাম পুলিশের সদস্যরা, বিসিএস মৎস্য ক্যাডারের কর্মকর্তারা, মৎস্য অধিদফতরের আওতাধীন এনএটিপি-২-এর সম্প্রসারণ কর্মকর্তা (মৎস্য) কল্যাণ ফোরাম, বাংলাদেশ পরিবার পরিকল্পনা স্বেচ্ছাসেবী (মহিলা) দাবি বাস্তবায়ন পরিষদ, জাতীয় মহিলা সংস্থা, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন ‘নারী নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টিসেক্টরাল প্রোগ্রাম’।
মানববন্ধন পালন করে জাতীয় মহিলা সংস্থার তথ্যসেবা কর্মকর্তা মাজেদা খানম বলেন, ‘মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন জাতীয় মহিলা সংস্থা বাস্তবায়নাধীন তথ্যআপা প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় ৪৯২ টি উপজেলায় তথ্যকেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে, যেখানে তথ্যসেবা কর্মকর্তা ও তথ্যসেবা সহকারী মিলিয়ে মোট ১৪৮৩ জন নারী জনবল রয়েছে। তথ্যকেন্দ্র থেকে গ্রামীণ অসহায় দরিদ্র সুবিধাবঞ্চিত নারীদের কাছে সরকারি সব সেবার তথ্য ও সহযোগিতা পৌঁছে দেওয়া হয়। তথ্যআপা প্রকল্পের সব জনবলের যথাযথ সরকারি নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে চাকরিতে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। প্রকল্পের ডিপিপিতে জনবলসহ প্রকল্প মেয়াদ শেষে রাজস্বকরণের কথা উল্লেখ থাকলেও মেয়াদ শেষে বারবার মেয়াদ বাড়ানো হয়েছে কিন্তু রাজস্বকরণের কোনও ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তাই তথ্যআপা প্রকল্পের সব জনবল ডিপিপিতে উল্লেখ্য প্রকল্প রাজস্বকরণের দাবি নিয়ে আমরা সচিবালয়ের সামনে সমাবেত হয়েছি।’
বৈষম্যমুক্ত ও সমৃদ্ধ মৎস্য সেক্টর গড়তে এবং বিসিএস মৎস্য ক্যাডারের বিদ্যমান বৈষম্য দূরীকরণে দাবি নিয়ে মানববন্ধন ও সমাবেশ আয়োজন করেন বিসিএস মৎস্য ক্যাডারের কর্মকর্তারা। এ সময় তারা নিজেদের ৮ দফা দাবি তুলে ধরেন। তাদের ৮ দফা দাবিগুলো হলো:
সব গ্রেডে পদোন্নতি-বঞ্চিত কর্মকর্তাদের ভূতাপেক্ষ পদোন্নতি প্রদান করা এবং ব্যাচ-ভিত্তিক যথাসময়ে পদোন্নতি নিশ্চিত করা; ২০১৫ সালে অর্গানোগ্রামে সৃজনকৃত ৩৯৫টি মৎস্য সম্প্রসারণ ও মাননিয়ন্ত্রণ কর্মকর্তার পদ বিসিএস (ফিসারিজ) কম্পোজিশন অ্যান্ড ক্যাডার রুলস এ অন্তর্ভুক্ত করা এবং দ্রুত নিয়োগ প্রদান করা; মৎস্য অধিদফতরের বিদ্যমান নিয়োগবিধি হালনাগাদ করে অবিলম্বে চূড়ান্তকরণের ব্যবস্থা গ্রহণ; সম্প্রসারণ কার্যক্রম ও মৎস্য আইন সফলভাবে বাস্তবায়নের নিমিত্ত উপজেলা পর্যায় পর্যন্ত কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় গাড়ির সংস্থান রেখে হালনাগাদ করা; মাঠপর্যায়ে বিদ্যমান মৎস্য আইন বাস্তবায়নে জটিলতা দূরীকরণে মৎস্য অধিদফতরের কর্মকর্তাদের প্রশাসনিক জরিমানা করার ক্ষমতা প্রদানপূর্বক মৎস্য আইনসমূহ সংশোধন করা; মৎস্য অধিদফতরের মাঠ পর্যায়ের কার্যাবলি সুষ্ঠুভাবে সম্পাদনের নিমিত্ত বিভিন্ন পর্যায়ে প্রয়োজনীয় ও যৌক্তিক পদ সৃজন করে বিদ্যমান অর্গানোগ্রাম হালনাগাদকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা; ইলিশ সংরক্ষণ ও হাওর এলাকায় মৎস্যসম্পদ সংরক্ষণে সুষ্ঠুভাবে আইন প্রয়োগে প্রয়োজনীয় জলযান ও অন্যান্য লজিস্টিক এবং সংশ্লিষ্ট এলাকার কর্মকর্তা/কর্মচারীদের ঝুঁকি-ভাতা প্রদানের ব্যবস্থা গ্রহণ করা এবং কর্মসংস্থান সৃষ্টি, নিরাপদ আমিষ সরবরাহ ও মাছের উৎপাদন বৃদ্ধির নিমিত্ত মৎস্য অধিদফতরের আওতায় দেশব্যাপী যুগোপযোগী প্রকল্প গ্রহণ করা।
‘বৈষম্য নিপাত যাক, দক্ষ ও প্রশিক্ষিত জনবল নিয়ে মৎস্য অধিদফতর এগিয়ে যাক’ স্লোগান নিয়ে মৎস্য অধিদফতরের এনএটিপি-২ প্রকল্পের দক্ষ ও প্রশিক্ষিত সম্প্রসারণ কর্মকর্তাদের অতিদ্রুত আত্তীকরণ বা রাজস্বকরণ করে বৈষম্য নিরসন ও অধিদফতরের সার্বিক উন্নয়নের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে মৎস্য অধিদফতরের আওতাধীন এনএটিপি-২-এর সম্প্রসারণ কর্মকর্তা (মৎস) কল্যাণ ফোরাম।
এ ছাড়া চাকরি জাতীয়করণের এক দফা দাবি নিয়ে সচিবালয়ের সামনের আব্দুল গণি রোডে বিক্ষোভ সমাবেশ করছেন গ্রাম পুলিশ সদস্যরা।
অপরদিকে পরিবার পরিকল্পনা অধিদফতরের ফিল্ড সার্ভিসেস ডেলিভারি (এফএসডি) কর্তৃক নিয়োগকৃত উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের পরিবার কল্যাণ সহকারীর শূন্য ইউনিটে কর্মরত ১১৫৫ জন স্বেচ্ছাসেবী (মহিলা) চাকরি স্থায়ীকরণের ১ দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ পরিবার পরিকল্পনা স্বেচ্ছাসেবী (মহিলা) দাবি বাস্তবায়ন পরিষদ।
এ সময় সচিবালয়ে সামনে বিভিন্ন সংগঠনের প্রায় এক হাজার আন্দোলনকারী উপস্থিত ছিলেন।









