ছাত্র-জনতার আন্দোলনে ঢাকার শনির আখড়ায় নিহত জসিম উদ্দিনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় মুক্তি কাউন্সিল নেতৃবৃন্দ। শুক্রবার (২৩ আগস্ট) সন্ধ্যায় জাতীয় মুক্তি কাউন্সিল সম্পাদক ফয়জুল হাকিমের নেতৃত্বে জাতীয় মুক্তি কাউন্সিল নেতৃবৃন্দ তার বাড়িতে যান।
এ সময় উপস্থিত ছিলেন- জাতীয় মুক্তি কাউন্সিলের জাতীয় পরিষদ সদস্য হাসিবুর রহমান, মিতু সরকার, ঢাকা অঞ্চলের সংগঠক আব্দুস সামাদ, অনন্ত সরকার ও মোহাম্মদ কালু।
নেতৃবৃন্দ পুলিশের গুলিতে নিহত জসিম উদ্দিনের স্ত্রী সুলতানা রাজিয়ার কাছ থেকে তার স্বামীর নিহত হওয়ার ঘটনার বর্ণনা শোনেন। কীভাবে পুলিশ ১৯ জুলাই নির্বিচারে গুলি করে আন্দোলনকারীদের হত্যা করেছিল সেই ঘটনার বিস্তারিত শোনেন।
জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম বলেন, জসিম উদ্দিনসহ ছাত্র-জনতার গণহত্যাকারী শেখ হাসিনা ও তার দোসরদের এ দেশের মাটিতেই বিচার করে সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে। ফ্যাসিবাদী শাসন উচ্ছেদের পরে আজকের বাংলাদেশে জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে এই গণদুশমনদের বিচারের দাবি জনতার দাবিতে পরিণত হয়েছে।









