রাজধানীর ভাটারা থানায় সোহাগ মিয়া নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগের মামলায় গ্রেফতার জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজের ৭ দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।
শনিবার (২৪ আগস্ট) রাজধানীর ভাটারা থানা পুলিশ আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করে। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ২৩ আগস্ট রাতে রাজধানীর বনানী থানাধীন এলাকা থেকে ফিরোজকে গ্রেফতার করা হয়।
জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই বিকালে ভাটারা থানাধীন ফরাজী হাসপাতালের সামনে পুলিশের গুলিতে নিহত হয় সোহাগ মিয়া। এ ঘটনায় ২০ আগস্ট তার বাবা শাফায়েত হোসেন ভাটারা থানায় হত্যা মামলা দায়ের করেন।
আওয়ামী লীগ নেতা আ স ম ফিরোজ ৮ বার সংসদ সদস্য নির্বাচিত হন। গত ৭ জানুয়ারির নির্বাচনে পটুয়াখালী-২ আসন থেকে জয়ী হন তিনি।









