সাবেক তিন সংসদ সদস্যের নানা অনিয়ম-দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তারা হলেন— বরিশাল-২ আসনের সাবেক সংসদ সদস্য শাহে আলম তালুকদার, রাজশাহী-৫ আসনের সাবেক সংসদ সদস্য ডা. মনসুর রহমান এবং গাইবান্ধা-৪ এর সাবেক সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ।
দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ আকতারুল ইসলাম জানান, টেন্ডারবাজি, ক্ষমতার অপব্যবহার, ঘুষ গ্রহণ, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ করে নিজ নামে এবং পরিবারের সদস্যদের নামে বিপুল পরিমাণ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে বরিশাল-২ আসনের সাবেক সংসদ সদস্য শাহে আলম তালুকদারের বিরুদ্ধে।
রাজশাহী-৫ আসনের সাবেক সংসদ সদস্য ডা. মনসুর রহমানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করে অবৈধ টাকায় ব্যাংক গড়ে তোলাসহ নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করে নিজ নামে, পরিবারের সদস্য ও আত্মীয় স্বজনের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে গাইবান্ধা-৪ আসনের সাবেক সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদের বিরুদ্ধে।









