ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেয়েছেন আরটিভির রিপোর্টার অধরা ইয়াসমিন। একইসঙ্গে মামলার পরবর্তী শুনানির জন্য ২২ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত। সেই সময় পর্যন্ত অধরা ইয়াসমিন জামিনে থাকবেন বলে জানিয়েছেন তার আইনজীবী।
আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বুধবার (৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম সাইবার ট্রাইবুনালের বিচারক মোহাম্মদ জহিরুল কবির এ আদেশ দেন।
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. আশরাফ হোসেন চৌধুরী (রাজ্জাক)। তিনি বলেন, ‘মামলার বিষয়বস্তু বিবেচনায় আদালত জামিন মঞ্জুর করেছেন।’
প্রসঙ্গত, রাজধানীর রাজারবাগ দরবার শরীফের পীর দিল্লুর রহমান ও তার সিন্ডিকেটের বিরুদ্ধে মামলাবাজি, সারা দেশে অসংখ্য মানুষকে হয়রানি, জমি দখলসহ বিভিন্ন অপরাধের অভিযোগ নিয়ে প্রতিবেদন করেন আরটিভির রিপোর্টার অধরা ইয়াসমিন। এতে ক্ষিপ্ত হয়ে ২০২৩ সালের ১৩ মে অধরা ইয়াসমিনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৪, ২৫ ও ২৯ ধারায় মামলাটি করেন রাজারবাগ পীরের অন্যতম হোতা শাকেরুল কবির।
মামলার বাদী শাকেরুল কবিরের বিরুদ্ধে মামলাবাজি, জমি দখল, নারীপাচারসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে। এসব অভিযোগে তাকে কয়েকবার আটক হয়ে কারাগারেও যেতে হয়।
আগে থেকেই ওই পীর সিন্ডিকেটের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় অন্তত ডজনখানেক সাংবাদিককে হয়রানির অভিযোগ রয়েছে। ভুক্তভোগীদের দাবি, মিথ্যা মামলা দিয়ে সাধারণ মানুষকে দীর্ঘদিন ধরে চরম হয়রানি করে আসছে এই ‘মামলাবাজ সিন্ডিকেট’। সিআইডির তদন্তেও মিলেছে সেই প্রমাণ। মূলত, হাইকোর্টের বিভিন্ন আদেশ, জাতীয় মানবাধিকার কমিশন ও সিআইডির তদন্তের সূত্র ধরেই প্রতিবেদন করেন সাংবাদিকরা। আর তাতেই রোষানলে পড়তে হচ্ছে শক্তিশালী এই সিন্ডিকেটের।
এদিকে, অধরার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার ঘটনায় সেই সময় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাংবাদিকরা ছাড়াও দেশে বিদেশি বিভিন্ন সংগঠন। মিথ্যা ষড়যন্ত্রমূলক এই মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানায় তারা।









