এস আলম গ্রুপের মালিক সাইফুল আলমের ঋণ জালিয়াতি ও অর্থ পাচারের অভিযোগ তদন্ত, ব্যাংক হিসাবসহ সমস্ত সম্পত্তি জব্দ এবং দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ মন্ত্রণালয়ের সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)কমিশনার, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ), পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), নিবন্ধন অধিদফতরের মহাপরিদর্শক, পুলিশের বিশেষ শাখা (এসবি), পুলিশ সুপার ইমিগ্রেশন বিভাগ, এস আলম গ্রুপ ও এর মালিক সাইফুল আলমকে এ নোটিশ প্রেরণ করা হয়েছে।
জনস্বার্থে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মো. রুকুনুজ্জামান এ নোটিশ প্রেরণ করেন।
পরে মো. রুকুনুজ্জামান সাংবাদিকদের জানান, শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের মালিক সাইফুল আলম ও তার পরিবারের সদস্যরা কত টাকার ঋণ জালিয়াতি করেছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিকট তার সঠিক তথ্য চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। একইসঙ্গে সাইফুল আলম, তার স্ত্রী ও সন্তানদের সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি ও ব্যাংক হিসাব জব্দ করার দাবিতে সরকারের সংশ্লিষ্টদের প্রতি নোটিশ পাঠানো হয়েছে।
তারা যেন দেশত্যাগ করে বিদেশে যেতে না পারেন সে বিষয়ে পদক্ষেপ করার জন্য নোটিশে জানানো হয়েছে। অন্যথায় এ বিষয়ে আদালতের দ্বারস্থ হতে হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।









