ঢাকা কলেজের শিক্ষার্থীদের পরিবহনের কাজে ব্যবহৃত ‘শঙ্খনীল’ বাসে ভাঙচুর চালানো হয়েছে। অভিযোগ উঠেছে, ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা এই ভাঙচুরে জড়িত। এই খবর পেয়ে ঢাকা কলেজে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়ে সড়ক বন্ধ করে দেন। তবে মিরপুরে রোডে বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
এর আগে রবিবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে মিরপুর সড়কে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, ‘শঙ্খনীল’ বাসটি সায়েন্সল্যাব পার হওয়ার পরপরই অতর্কিত হামলা চালানো হয়। আইডিয়াল কলেজের ইউনিফর্ম পড়া শিক্ষার্থীরা হামলা চালায়। বাসে শিক্ষকরাও ছিলেন। জানালা দিয়ে আসা ইটের আঘাতে বেশ কয়েকজন শিক্ষার্থী ও বাসচালক আহত হন।
এর আগে গত মঙ্গলবারও (১০ সেপ্টেম্বর) সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত ১৫ জন আহত হন। ঢাকা কলেজের শিক্ষার্থীরা ওই দিন আইডিয়াল কলেজের নামফলক খুলে নিয়ে যায়।
সর্বশেষ তথ্য অনুযায়ী, দুই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা নিরসনে পুলিশ, ঢাকা ও আইডিয়ার কলেজের শিক্ষার্থী প্রতিনিধি ও শিক্ষকরা বৈঠকে বসেছেন। নিউ মার্কেট থানা ও থানমন্ডি থানার পুলিশ কর্মকর্তাদের উদ্যোগে এই বৈঠক হচ্ছে।
নিউ মার্কেট থানার অফিসার ইনচার্জ (ওসি) মহসীন উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, দুই কলেজের সমস্যা সমাধানের জন্য আমরা আলোচনায় বসেছি। এখনও মিটিং হচ্ছে। দুইপক্ষের সঙ্গে কথা বলে আমরা একটা যৌক্তিক সমাধান দেবো আশা করি।









