রাজধানীর বাড্ডা থানায় করা সুমন সিকদার হত্যা মামলায় গ্রেফতার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
রবিবার (১৫ সেপ্টেম্বর) চার দিনের রিমান্ড শেষে মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল আলম আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।
আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামানের আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গত ১০ সেপ্টেম্বর রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে ডিবির একটি টিম তৌফিক-ই-ইলাহীকে আটক করে। এরপর গত ১১ সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই বাড্ডা ফুজি টাওয়ারের উত্তর পাশে প্রগতি সরণির ওপর গুলিতে নিহত হন মো. সুমন সিকদার। এ ঘটনায় তার মা মাসুমা বাদী হয়ে গত ২০ আগস্ট হত্যা মামলা করেন।
এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭৯ জনকে আসামি করা হয়।









