ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন নজরুল ইসলাম। বুধবার (২৫ সেপ্টেম্বর) নগরভবন সূত্রে এ তথ্য জানা যায়।
এর আগে স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ শামছুল ইসলাম রাষ্ট্রপতির আদেশক্রমের কথা উল্লেখ করে এই বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন, সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা ২৫ক এর উপধারা (১) প্রয়োগ করে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব নজরুল ইসলামকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হলো।
নিয়োগকৃত প্রশাসক ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন, সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা ২৫ক এর উপ-ধারা (৩) অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তিনি নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে এ দায়িত্ব পালন করবেন এবং বিধি মোতাবেক ‘দায়িত্ব ভাতা’ প্রাপ্য হবেন। এছাড়া, অন্য কোনও আর্থিক বা অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন না। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
উল্লেখ্য, নজরুল ইসলাম সবশেষ স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।









