এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলমের (এস আলম) দুই ছেলে আশরাফুল আলম, আসাদুল আলম মাহির এবং তাদের সহযোগী জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য সৈয়দ আবু মো. দাউদের অবৈধ সম্পদ অনুসন্ধান ও বাজেয়াপ্ত করার জন্য দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী মো. সুলতান মাহমুদ বুধবার (২৫ সেপ্টেম্বর) দুদকের চেয়ারম্যান বরাবর এ আবেদন করেন।
আইনজীবী সুলতান মাহমুদ বাংলা ট্রিবিউনকে জানান, তিনি এস আলমের দুই ছেলেসহ সংশ্লিষ্টদের জ্ঞাত আয়বর্হিভূত সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার জন্য আবেদনে উল্লেখ করেছেন।
আবেদনে তিনি আরও উল্লেখ করেন, ক্ষমতার অপব্যবহার করে অনৈতিকভাবে মোহাম্মদ সাইফুল আলমের (এস আলম) দুই ছেলে আশরাফুল আলম ও আসাদুল আলম মাহিরের জ্ঞাত আয়বহির্ভূত ৫০০ কোটি কালো টাকা সাদা করার সুযোগ করে দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য সৈয়দ আবু মো. দাউদ (সাবেক কর কমিশনার, চট্টগ্রাম কর অঞ্চল-১)। নির্ধারিত সময় পার হওয়ার পর সৈয়দ আবু মো. দাউদ কোটি টাকা ঘুষ নিয়ে ১২৫ কোটি টাকার পরিবর্তে নামে মাত্র ৫০ কোটি টাকা আয়কর দিয়ে কালো টাকা সাদা করে দেন। যা পুরোপুরি আইনবর্হিভূত এবং অবৈধ।
অবৈধভাবে জ্ঞাত আয়বর্হিভূত সম্পদ অর্জন করায় সৈয়দ আবু মো. দাউদ, আশরাফুল আলম ও আসাদুল আলম মাহিরদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে ব্যবস্থা গ্রহণ ও তাদের অবৈধ সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার আবেদন করেন আইনজীবী।









