প্রবীণ ও কর্মাহত সাংবাদিকদের সুরক্ষা ও মাসিক ২০ হাজার টাকা ভাতার দাবি জানিয়েছে ‘প্রবীণ ও কর্মাহত সাংবাদিক কল্যাণ পরিষদ’।
মঙ্গলবার (১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে বিশ্ব প্রবীণ দিবস উপলক্ষ্যে ‘প্রবীণ ও কর্মাহত সাংবাদিক কল্যাণ পরিষদ’ আয়োজিত র্যালি ও পথ সভা থেকে এই দাবি জানানো হয়। এর প্রতিপাদ্য ছিল ‘বিশ্বব্যাপী প্রবীণ পরিচর্যা ও সহায়তা ব্যবস্থা শক্তিশালীকরণ’।
পথ সভায় পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে এম করম আলী চিকিৎসা ও মাসিক ভাতার দাবি করেন।
পরিষদের সাধারণ সম্পাদক শিকদার আবদুস সালাম বলেন, কোনও মানুষই চায় না তার জীবনে বার্ধক্য আসুক। কিন্তু প্রকৃতির নিয়ম অস্বীকার করার ক্ষমতা কারও নেই। আজ যে নবীন কাল সে প্রবীণ।
তিনি আরও বলেন, রাষ্ট্রের একটি স্তম্ভ সাংবাদিকরা। তাই রাষ্ট্রের নাগরিকদের সেবাদানকারী সেই সাংবাদিকরা যখন প্রবীণ ও পঙ্গুত্ব বরণ করেন তখন তারা অর্থ কষ্টে ধুঁকে ধুঁকে মরেন।
এ সময় অন্যান্য বক্তারা বলেন, প্রবীণদের চেতনা ও তাদের মূল্যবোধকে ধারণ করে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আমাদের সরকার কাজ করে যাচ্ছেন।
তারা আরও বলেন, প্রবীণদের অধিকার সংরক্ষণ এবং প্রয়োজনীয় সহায়তা ও সুযোগ-সুবিধা দেওয়া প্রয়োজন। তাদের জীবনের অবশিষ্ট সময় সুখ, শান্তি ও মর্যাদার সঙ্গে অতিবাহিত করার প্রয়োজনীয়তাও রয়েছে। আমরা আশা করি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এ বিষয়ে পদক্ষেপ নেবেন।
এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রবীণ ও কর্মাহত সাংবাদিক কল্যাণ পরিষদের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধ খোরশেদ আলম ও জাহাঙ্গীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আসলাম ইকবাল, সিনিয়র সদস্য আলম হোসেন, আতিকুর ইসলাম, হাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা হাবিবুল্লাহ রানা, বিমল মালাকার, অনিমেশ ভট্টাচার্য, জাহাঙ্গীর হাবিবুল্লাহ, একাব্বর আলী, মশিউর রহমান, নাজিম উদ্দিন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম প্রমুখ।









