রাজধানীর বনশ্রী এলাকার মুদির দোকানের কর্মচারী মিজানুর রহমান হত্যা মামলায় সাবেক কাউন্সিলরসহ দুজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) খিলগাঁও থানা পুলিশ।
গ্রেফতাররা হলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. আজিজুল হক ও সেচ্ছাসেবক লীগের সদস্য মো. ওবায়দুল ইসলাম রানা। বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাতে খিলগাঁও এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
শুক্রবার (৪ অক্টোবর) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।
খিলগাঁও থানা এলাকায় অভিযান পরিচালনা করে আজিমুল এবং ওবায়দুলকে গ্রেফতার করা হয় জানিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, নিহত মিজানুর রহমান ছিলেন বনশ্রী এলাকায় একটি মুদি দোকানের কর্মচারী। গত ১৯ জুলাই জুমার নামাজ আদায় করে বিকেল ৩টার দিকে দোকান খোলার জন্য বাসা থেকে বের হন মিজানুর, সেই সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গোলাগুলি চলছিল। খিলগাঁও থানাধীন বনশ্রী এলাকায় পৌঁছালে কোনও কিছু বুঝে ওঠার আগেই মিজানুর বাম পায়ে গুলিবিদ্ধ হন। পরে তাকে আগারগাঁও পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
এ ঘটনায় নিহত মিজানুরের বাবা কামাল হোসেন মোল্লা গত ২ সেপ্টেম্বর খিলগাঁও থানায় মামলা দায়ের করেন। মামলা তদন্তকালে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় গ্রেফতারদের অবস্থান শনাক্ত করা হয়। গ্রেফতার দুজনকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তালেবুর রহমান।









