শ্রমিকদের অধিকার আদায়ে কোনও ছাড় দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও জামায়াতের নায়েবে আমির আ ন ম শামসুল ইসলাম।
রবিবার (১৩ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে পোশাক ও ওষুধ শিল্পে চলমান অস্থিরতা ও নৈরাজ্য বন্ধে করণীয় শীর্ষক শ্রমিক নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
মতবিনিময় সভায় আ ন ম শামসুল ইসলাম বলেন, শ্রমিক নেতারা ঐক্যবদ্ধ হলে শ্রমিকদের দুর্দশা লাঘব করা যাবে। মেহনতি শ্রমিকদের জন্য শ্রমিক নেতাদের ঐক্যবদ্ধ হতেই হবে। শ্রমিকদের অধিকার আদায়ে কোনও ছাড় দেওয়া যাবে না। শ্রমিকদের মানবিক মর্যাদা ও পূর্ণ অধিকার আদায়ে আমরা সদা সজাগ থাকবো।
ফেডারেশনের সহ-সভাপতি হারুনুর রশিদ খান বলেন, মালিকেরা শ্রমিকদের মানুষ মনে করে না। এমনকি সরকার-রাষ্ট্র শ্রমিকদের মূল্য দেয় না। যার ফলে শ্রমিকরা আজকে বঞ্চিত হচ্ছে। শ্রমিকরা অধিকার হারা হচ্ছে।
জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি বাহারাইনে সুলতান বাহার বলেন, শ্রমিকরা কাজ করে জীবন বাঁচানোর জন্য। শ্রমিক সংগঠনগুলো শ্রমিকদের জন্য কাজ না করে আজ বিষফোঁড়া হয়ে গেছে। আজকে শ্রমিকদের প্রতারিত করা হচ্ছে। এ ধারা বন্ধ করতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।
আতিকুর রহমানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সোহেল রানা, বাংলাদেশ গার্মেন্টস ও শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম সুজন, জাতীয় গার্মেন্টস শ্রমিক জোট বাংলাদেশের সভাপতি মাহাতাব উদ্দীন শহীদ, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শফিকুল ইসলাম, বাংলাদেশ প্রগতিশীল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক কামরুন নাহার, বাংলাদেশ সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি ফেরদৌসী বেগম, সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার প্রমুখ।









