তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন নবনিযুক্ত সচিব বেগম মাহবুবা ফারজানা। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। জনগণের প্রত্যাশা পূরণে তিনি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সততা, ন্যায়পরায়ণতা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান।
মতবিনিময় সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব বলেন, মন্ত্রণালয়ের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সকল কর্মকর্তাকে একটি টিম (দল) হিসাবে কাজ করতে হবে। ছাত্র-জনতার বিপ্লবের মধ্য দিয়ে আমরা এই অবস্থানে এসেছি। সরকারি কর্মকর্তাদের কাছে জনগণের অনেক প্রত্যাশা রয়েছে।
মতবিনিময় সভার শুরুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কার্যক্রম বিষয়ে তথ্যচিত্র উপস্থাপন করেন উপসচিব মুহাম্মদ শরিফুল হক।
উল্লেখ্য, বুধবার (২৩অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. তৌহিদ বিন হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বেগম মাহবুবা ফারজানাকে সচিব পদে পদোন্নতি দিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে বদলি করা হয়।









