রাজধানীর মিরপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দারুস সালাম থানা পুলিশ।
রবিবার (২৭ অক্টোবর) রাত সাড়ে দশটায় দারুস সালামের বর্ধনবাড়ি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন- মো. শামীম (৩৩) ও মো. সবুজ পাটোয়ারী (২৮)। এসময় তাদের কাছ থেকে ১টি স্টিলের চাকু ও ১টি সুইচ গিয়ার চাকু জব্দ করা হয়েছে।
সোমবার (২৮ অক্টোবর) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
দারুস সালাম থানা সূত্রে জানা যায়, রবিবার (২৭ অক্টোবর) রাতে বর্ধনবাড়ি এলাকায় একটি বাড়ির সামনে কয়েকজন দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদ পাওয়া যায়। পরে রাত সাড়ে দশটার দিকে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় শামীম ও সবুজকে গ্রেফতার করা হয়। এসময় অন্যরা পালিয়ে যায়। এ ঘটনায় গ্রেফতার করা দুইজনসহ অজ্ঞাতনামা ৫/৬ জনকে আসামি করে দারুস সালাম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।









