রাজধানীর কলাবাগান থানার অস্ত্র মামলায় এজাহার নামীয় পলাতক আসামি মো. শরীফ আব্দুল্লাহকে (৩৬) গ্রেফতার করেছে কলাবাগান থানা পুলিশ। শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে গ্রীন রোডের হোটেল সিটি ইন-এ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
শনিবার (২ নভেম্বর) বিকালে এক বার্তায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
তিনি জানান, শরীফ আব্দুল্লাহকে আসামি করে কলাবাগান থানায় গত ২১ সেপ্টেম্বর অস্ত্র মামলাটি করা হয়।
মামলা সূত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর বিকাল ৩টার দিকে পুলিশের কাছে সংবাদ আসে কলাবাগান থানাধীন লাল ফকিরের মাজারের পাশে ৬১/৭ নম্বর বাসায় কয়েকজন দুস্কৃতিকারী অপরাধ সংঘটনের উদ্দেশে দেশি-বিদেশি অস্ত্রশস্ত্র মজুদ করে আত্মগোপন আছেন। পরে সেখানে অভিযান চালিয়ে মো. শুভ (২৭) ও মো. শাকিল হোসেনকে (২৫) গ্রেফতার করা হয়। এ সময় শরীফ আব্দুল্লাহ কৌশলে পালিয়ে যায়। ওই সময় তাদের কাছ থেকে ম্যাগাজিনসহ দুটি পিস্তল, ১৩ রাউন্ড গুলি, একটি পাইপগান, ১২ রাউন্ড কার্তুজ, একটি এয়ারগান, একটি ইলেকট্রিক শক মেশিন, দুটি চাপাতি, তিনটি ছুরি, একটি চাইনিজ কুড়াল, একটি দা, তিনটি মোবাইল ও একটি ওয়েব ক্যামেরা উদ্ধার করা হয়েছিল। এ ঘটনায় পলাতক শরীফ আব্দুল্লাহ, শুভ ও শাকিল হোসেনকে এজাহার নামীয় আসামি করে ২১ সেপ্টেম্বর কলাবাগান থানায় অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়।
থানা সূত্র জানায়, তদন্তাধীন এ মামলায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় পলাতক শরীফ আব্দুল্লাহর অবস্থান শনাক্ত করা হয়। পরবর্তীতে গতকাল শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শরীফ আব্দুল্লাহ একটি সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের সদস্য।
উল্লেখ্য, শরীফ আব্দুল্লাহর বিরুদ্ধে ডিএমপির কদমতলী ও নিউমার্কেট থানায় একটি করে মাদক মামলা এবং কলাবাগান থানায় একটি ছিনতাই ও একটি চুরির মামলা রয়েছে।









