ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে সৈয়দ জহিরুল ইসলাম অমিত নামে এক অভিযুক্ত আসামির ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে মারাত্মক আহত হয়েছেন তিনি। মঙ্গলবার (৫ নভেম্বর) সিএমএম আদালতের চতুর্থ তলার ৩ নম্বর কোর্টের সামনে এ ঘটনা ঘটে।
বুধবার (৬ নভেম্বর) আহতের ভাই শরিফুল ইসলাম অনুপম বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, হাজিরা দিতে এসে বাদী পক্ষের ১২ থেকে ১৫ জন্য সদস্যের হামলার শিকার হন অমিত। হামলাকারীদের ৫ থেকে ৬ জন হেলমেট পরিহিত ছিল। হঠাৎ হেলমেট খুলে অমিতের পিঠে ও মাথায় আঘাত করে। পরে উপস্থিত আইনজীবী ও সাধারণ মানুষ হামলাকারীদের বাধা দেয়।
ভুক্তভোগী সৈয়দ জহিরুল ইসলাম অমিত অভিযোগ করে বলেন, আমার মামলায় বিপরীত পক্ষের প্রতিনিধিত্বকারী আইনজীবী আমিরুল ইসলাম আমির আদালতের বাইরে থেকে লোক ভাড়া করে এনে আমার ওপর হামলা করিয়েছেন।
তিনি আরও বলেন, মামলায় হেরে যাওয়ার উপক্রম হওয়ায় তারা আমার ওপর হামলা চালায়।
ভুক্তভোগীর ভাই শরিফুল ইসলাম বলেন, তাৎক্ষণিক শাহজাহান নামে একজনকে আটক করে আমরা পুলিশে দিতে চাই। কিন্তু অন্য আইনজীবীরা তাকে আইনজীবী ভবনে নিয়ে হামলার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করার আশ্বাস দিয়ে নিয়ে যায়। পরে শুনেছি ছেড়ে দিয়েছে। এ ঘটনায় পুলিশকে জানিয়েও সহযোগিতা পাওয়া যায়নি।
অ্যাডভোকেট আমির অভিযোগ অস্বীকার করে দাবি করেন, আদালতে হাজির হওয়া তিন ভাই আদালত চত্বরে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য কয়েকজন বহিরাগতকে সঙ্গে নিয়ে এসেছিলেন। তবে প্রত্যক্ষদর্শী কয়েকজন আইনজীবী তার বক্তব্য সমর্থন করেননি।
ঢাকা আইনজীবী সমিতির অ্যাডহক কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মো. খোরশেদ মিয়া আলম বলেন, ‘৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর আদালত চত্বরে আনা আসামিদের ওপর হামলার বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। তবে, পরবর্তীতে আমরা সবপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে বৈঠক করেছি এবং এ ধরনের ঘটনা বন্ধে পদক্ষেপ নিয়েছি।’









