আগামী তিন বছরের জন্য ঢাকাস্থ শেকড় পাবনা ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। ১৮ সদস্যের এই কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক ছাত্রনেতা খান হাবিব মোস্তফা। এছাড়া সহ-সভাপতি মো. ফজলুর রহমান ও মো. মাসুদ খান। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. মোস্তাফিজুর রহমান খান।
ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শনিবার (৯ নভেম্বর) শেকড় পাবনা ফাউন্ডেশন আয়োজিত মিলনমেলা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানের মাধ্যমে নতুন কমিটির নাম ঘোষণা করা হয়।
কমিটির অর্থ সম্পাদক হয়েছেন মো. রাসেল শেখ, সমাজকল্যাণ সম্পাদক হয়েছেন ইফরান কাদের চৌধুরী।
এছাড়া কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন ড. মো. ওমর ফারুক, অ্যাডভোকেট মো. ইব্রাহীম হোসেন, আসাদুজ্জামান খান, মো. ইসহাক আলী মন্ডল, মো. তাজুল ইসলাম, ফুয়াদ সালেহ্ সিদ্দিকী শামিম, এস এম ফয়সাল, তোফায়েল আহমেদ, সৈয়দ নাজমুল ইসলাম, ফরহাদ আলম, গোলাম মওলা, মোহম্মাদ আলী মিঠু।
এর আগে ফাউন্ডেশনের আহ্বায়ক খান হাবিব মোস্তফার সভাপতিত্বে এবং সদস্য সচিব মোস্তাফিজুর রহমান খান ও সদস্য মাসুদ খানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সাবেক সচিব এবাদত আলী। প্রধান বক্তা ছিলেন অধ্যাপক ড. শরিফুল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন ড. এম কুরবান আলী, কৃষি বিজ্ঞানী ড. আব্দুল মোমিন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. মহিউদ্দিন, অ্যাকশন এইডের চেয়ারম্যান ইব্রাহিম খলিল আল-জায়েদ পিনাক, ডা. ওমর আলী, ডা. ফারহানা ইসলাম নীলা, অ্যাডভোকেট নিশাত আরা আযম, ইঞ্জিনিয়ার মীর মোশাররফ হোসেন রাজু প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন শেকড় পাবনার যুগ্ম আহ্বায়ক মো. ফজলুর রহমান। শুভেচ্ছা বক্তব্যে রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাবনা জেলা সমন্বায়ক বরকত উল্লাহ ফাহাদ, পাবনা ছাত্র আন্দোলনে শহীদ জাহিদের পিতা দুলাল মাস্টার ও শহীদ মাহবুব হাসান নিলয়ের বোন ওয়াকিয়া নাজনীন।
সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন পাবনার শিল্পী ও অভিনেতারা। শেকড় পাবনার পক্ষ থেকে পাবনার উন্নয়নে ১৬ দফা দাবি পেশ করা হয়।









