জনবান্ধব রাজস্ব আদায়ে ঢাকা ব্যাংক পিএলসির সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
সোমবার (১৮ নভেম্বর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বুড়িগঙ্গা হলে ট্রেড লাইসেন্স ফি ও হোল্ডিং ট্যাক্স প্রদানে নাগরিকদের জনভোগান্তি কমাতে এই সমঝোতা স্মারক সই করা হয়।
ডিএসসিসি জানায়, নাগরিকদের সেবা সহজ ও ত্বরান্বিত করতে বর্তমান বাস্তবতার নিরিখে ট্রেড লাইসেন্স ফি ও হোল্ডিং ট্যাক্স প্রদানের প্রক্রিয়াকে সহজতর করার ঐকান্তিক প্রচেষ্টা বাস্তবায়ন করা হয়েছে।
জনগণ যেন সহজেই তার ফি পরিশোধ করতে পারে সে লক্ষ্যে এই স্মারক উদ্যোগে সই করেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান ও ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ মারুফ।
সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন অন্যান্য সিটি করপোরেশনের চেয়ে রাজস্ব আদায়ে একটি অনন্য উদাহরণ। রাজস্বের হার না বাড়িয়ে বিদ্যমান হারে সর্বোচ্চ রাজস্ব আদায় করা আমাদের মূল লক্ষ্য। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সেবাগুলো আমরা দিয়ে থাকি— সেসব সেবা থেকে একটি সার্ভিস চার্জ আমরা পেয়ে থাকি।
তিনি আরও বলেন, সার্ভিস চার্জ আদায়কে জনবান্ধব করতে ঢাকা ব্যাংক পিএলসি সেবা অব্যাহত রাখবে। কম লাভ করে, সর্বোচ্চ সেবা দিয়ে নাগরিকের আত্মতুষ্টির ওপর গুরুত্ব আরোপের নির্দেশনা দিয়ে তিনি বলেন, জনগণকে সেবা প্রদানের মাধ্যমে অন্যান্য ব্যাংকের সঙ্গে প্রতিযোগিতা করে যথাযথ জনবান্ধব সেবা নিশ্চিত করে তারা তাদের অবস্থান ও আস্থা বজায় রাখতে হবে।
ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ বলেন, কাজ করতে পারলে আমাদের সফলতা আসবে। আমরা সিটি করপোরেশনের সেবা সঠিকভাবে প্রদান করলে আমাদের সফলতা আসবে।
সিস্টেম অ্যানালিস্ট আবু তৈয়ব রোকনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সচিব বশিরুল হক ভূঁইয়া, প্রধান রাজস্ব কর্মকর্তা মুনিরুজ্জামান, সকল আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, উপপ্রধান রাজস্ব কর্মকর্তা, রাজস্ব কর্মকর্তা ও ঢাকা ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শেখ আব্দুল বাকির, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এ.এম.এস. ময়েন উদ্দিন প্রমুখ।









