রাজধানীর মোহাম্মদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (ডিএনসি) অভিযানে মাদক কারবারিদের ছুরিকাঘাতে সংস্থাটির দুই কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন- এসআই আব্দুস সাত্তার ও কনস্টেবল মো. সায়েদুল।
সোমবার (২ ডিসেম্বর) সকালে মোহাম্মদপুর কাদেরাবাদ হাউজিংয়ের ৭ নম্বর রোডের একটি বাসায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন ডিএনসির উপপরিচালক শামীম আহম্মেদ। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে ধানমন্ডি সার্কেল পরিদর্শক শাহজালাল খানসহ ৫ জন ফোর্স কাদেরাবাদ হাউজিংয়ে একটি বাসা ঘেরাও করে। পরে পরিদর্শক শাহজালাল ভবনটির কেয়ার টেকার রিপন মিয়া ও বাড়ির আরেক ভাড়াটিয়া হেলাল মিয়ার উপস্থিতিতে তল্লাশি করে ঘরের মধ্যে থেকে মোট এক কেজি গাঁজা এবং মাদক বিক্রির ২৬ হাজার ৬০০ টাকা উদ্ধার করেন।
তিনি আরও বলেন, অভিযানে মাদক কারবারি মো. রুবেলকে গ্রেফতার করা হলে স্থানীয় সন্ত্রাসী মাদক কারবারি রুবেলের ছোট ভাই সবুজ, মো. হাসান, কালা ওরফে শাওন, শাকিল ওরফে চিকু শাকিলসহ আরও ১০/১২ জন সন্ত্রাসী দেশীয় ধারালো অস্ত্র নিয়ে আকস্মিকভাবে পরিদর্শক শাহজালাল খানসহ ৫ ফোর্সের ওপর হামলা করে। এতে কনস্টেবল মো. সায়েদুল ও এসআই আব্দুস সাত্তার গুরুতর আহত হয়।
উপ-পরিচালক শামীম আহম্মেদ বলেন, অভিযানে হামলার খবর পেয়ে মোহাম্মদপুর থানার পুলিশ এবং বসিলা ক্যাম্পের সেনাবাহিনীর সহযোগিতায় ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে এ ঘটনায় সরকারি কাজে বাধা ও হত্যাচেষ্টায় চিহ্নিত ৬ জনসহ অজ্ঞাত ১০-১২ জনের বিরুদ্ধে একটি মামলা এবং উদ্ধার করা মাদকের বিষয়ে মাদক কারবারি রুবেল ও তার ভাইয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরেকটি মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. হাফিজুর রহমান বলেন, মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের পক্ষ থেকে মামলার এজাহার এখনও দায়ের করেনি। এজাহার দায়ের করলে মামলা নেওয়া হবে। এ ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।









