ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মো. ইসরাইল হাওলাদার বলেছেন, আমরা জনগণের মাঝে ফিরে আসতে চায়। জনগণের জন্য পুলিশ হতে চাই।
রবিবার (৮ ডিসেম্বর) বিকালে উত্তরা-পূর্ব থানায় পুলিশ, ছাত্র-জনতা ও উত্তরা-পূর্ব থানা এলাকার বাসিন্দাদের সমন্বয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মো. ইসরাইল হাওলাদার বলেছেন, ‘পুলিশ পরিচালিত হয় আইন ও বিধি মোতাবেক। পুলিশ কী করতে পারবে, কী করতে পারবে না, তা আইনে স্পষ্টভাবে বলা আছে। অথচ বিগত সময়ে কিছু কিছু পুলিশ সদস্য তার অপব্যবহার করেছে। আমরা সে ইতিহাস থেকে ফিরে আসতে চাই। আমরা জনগণের মাঝে ফিরে আসতে চাই। আমরা জনগণের পুলিশ, জনগণের জন্য পুলিশ।’
তিনি বলেছেন, ‘আমাদের সমাজের অধিকাংশ লোকই শান্তিপ্রিয়। অপরাধ করে খুবই অল্প সংখ্যক। সমাজের শান্তিপ্রিয় লোকগুলো যেন শান্তিতে বসবাস করতে পারে আমরা সেই ব্যবস্থা করতে চাই। আর যে অল্প সংখ্যক লোক অপরাধ করে তাদের আদালতে সোপর্দ করে বিচারের মাধ্যমে শাস্তি নিশ্চিত করতে চাই।’
অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, জুলাই-আগস্টে ছাত্র-জনতার যে আন্দোলন হয়েছে, তাতে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। প্রকৃত অর্থে একটি দেশের পুলিশ বাহিনী যেমন হওয়া উচিত নতুন বাংলাদেশে আমরা সেই রকম পুলিশ হতে চাই।
ডিএমপি উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রওনক জাহানের সভাপতিত্বে মতবিনিময় সভায় ডিএমপি উত্তরা বিভাগের বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী, ধর্মীয় প্রতিষ্ঠানের ব্যক্তিরা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা এবং ছাত্র আন্দোলনের নেতারা উপস্থিত ছিলেন।









