রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় শ্রমিক লীগ নেতা তালুকদার মো. মনিরকে গ্রেফতারের প্রতিবাদে তেজগাঁও-মহাখালী সড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়নের সভাপতি মনিরকে গ্রেফতারের খবরে শ্রমিকরা তেজগাঁও সাতরাস্তা মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করে। প্রায় আড়াই ঘণ্টা পর সড়ক ছাড়ে বিক্ষুব্ধ শ্রমিকরা। এতে তেজগাঁও-মহাখালী এলাকা তীব্র যানজটের সৃষ্টি হয়।
বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী শামীমুর রহমান। তিনি বলেন, আওয়ামী লীগপন্থি শ্রমিক সংগঠনের নেতা তালুকদার মো. মনিরের নামে পল্টন থানায় একটি হত্যা মামলা রয়েছে। ওই মামলায় আজ বিকালে তাকে গ্রেফতার করা হয়। পরে আওয়ামী লীগের নেতা-কর্মী ও তার অনুসারী শ্রমিকরা ট্রাক দিয়ে তেজগাঁও সড়ক অবরোধ করে। টায়ার জ্বালিয়েও বিক্ষোভ করছে। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করি। রাত সাড়ে আটটার দিকে তারা সড়ক ছেড়ে চলে যায়।
স্থানীয়রা জানান, সন্ধ্যার পর শ্রমিকরা ট্রাকস্ট্যান্ড থেকে কয়েকটি ট্রাক দিয়ে রাস্তা অবরোধ করে। তারা তেজগাঁও সাতরাস্তা থেকে তিব্বত মোড় পর্যন্ত সড়ক অবরোধ করে। রাস্তা অবস্থান নিয়ে শ্রমিকরা অগ্নিসংযোগ ও বিক্ষোভ করতে থাকে। এতে তেজগাঁও, মহাখালীসহ আশপাশের বিভিন্ন রাস্তায় হাজার হাজার গাড়ি আটকে যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
ডিএমপির তেজগাঁও ট্রাফিক বিভাগের তেজগাঁও জোনের সহকারী কমিশনার (এসি) স্নেহাশীষ দাস বলেন, পরিবহন শ্রমিকরা প্রায় আড়াই ঘণ্টা তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার তিব্বত ও সাত রাস্তা মোড় অবরোধ করে রাখে। মূল সড়ক ছাড়াও অলিগলিতেও যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। পরে থানা পুলিশসহ অতিরিক্ত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাত সাড়ে আটটার দিকে শ্রমিকরা সড়ক ছেড়ে দেয়।









