পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে পাবনা সদরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। বুধবার (১১ ডিসেম্বর) তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
গ্রেফতার ব্যক্তিরা হলো– পাবনা সদরের কালাচাঁদপাড়া এলাকার মেহেদী মাসুদ (২৬), চক রামচন্দ্রপুর এলাকার মাহমুদুল হাসান সাজিদ (২৩) ও ওশালগড়িয়া ফরেস্ট পাড়া এলাকার হারুন অর রশিদ (২৭)।
পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওই শিক্ষার্থী ধর্ষণের শিকার হলে আইনি সেবাদানকারী টিম ‘ফাইন্ড মাই অ্যাডভোকেটে’ যোগাযোগ করে। পরে তারা যোগাযোগ করে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সঙ্গে। বিষয়টি স্থানীয় থানাকে জানায় পুনাক।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ধর্ষণের মামলাটি তদারক করেছেন পুনাক সভানেত্রী আফরোজা হেলেন এবং জয়েন্ট সেক্রেটারি তৌহিদা নূপুর।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) সঞ্জয় কুমার সাহা বলেন, ‘সোমবার (৯ ডিসেম্বর) রাতে ওই নারীর সাবেক প্রেমিক মেহেদী হাসান চা খাওয়ার নাম করে তাকে শহরের মেরিল বাইপাসের ফরেস্ট এলাকায় নিয়ে যায়। পরে পরিকল্পিতভাবে ফরেস্টের একটি পরিত্যাক্ত জায়গায় নিয়ে তিন জন তাকে ধর্ষণ করে। এ ঘটনায় মঙ্গলবার রাতে ভুক্তভোগীর মা বাদী হয়ে পাবনা সদর থানায় লিখিত অভিযোগ দেন। অভিযুক্তদের তিন জনকে গ্রেফতার করা হয়েছে।’









