মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও করপোরেশনের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) নগর ভবন প্রাঙ্গণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে এ আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ডিএসসিসি প্রশাসক নজরুল ইসলাম।
ডিএসসিসি প্রশাসক নজরুল ইসলাম বলেন, মহান স্বাধীনতা আমাদের জাতির জন্য অত্যন্ত গৌরবের বিষয়। যাদের কল্যাণে আমরা স্বাধীন রাষ্ট্র, স্বাধীন মানচিত্র ও স্বাধীন নাগরিক হিসেবে পরিচয় দিতে পেরেছি সেই বীর মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। এছাড়াও গণঅভ্যুত্থান-২০২৪ এ আমাদের অর্জিত স্বাধীনতাকে সংরক্ষিত করার জন্য যারা জীবন দিয়েছে তাদেরকেও শ্রদ্ধার সাথে স্মরণ করছি।
তিনি আরও বলেন, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। আমরা গণঅভ্যুত্থান-২০২৪ এ দেখেছি স্বাধীনতা রক্ষা করার জন্য সকল ছাত্র-জনতা ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমে এসেছিল। ঠিক একইভাবে আমাদের সব সময় সোচ্চার থাকতে হবে স্বাধীনতা অর্জনের পাশাপাশি স্বাধীনতাকে রক্ষা করতে।
নাগরিক সেবা নিয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, নগরে বসবাসকারী মানুষদের একটি সুন্দর নগর, সুন্দর পরিবেশ ও সকল প্রকার নাগরিক সেবা দেওয়ার দায়িত্ব আমাদের। নাগরিককে সেবা দেওয়ার জন্য আমাদের নিয়োজিত করা হয়েছে, নাগরিক সেবা দ্রুত সময়ে প্রদান করায় আমাদের সর্বদা নিয়োজিত থাকতে হবে। নাগরিকরা যেন হয়রানির শিকার না হয় সেজন্য দ্রুত সময়ে সেবা দিতে হবে। দুষ্টের দমন ও শিষ্টের লালনের ভিত্তিতে নাগরিকদের অধিকার রক্ষায় আমাদের কাজ করতে হবে এটাই হবে আমাদের সঠিক স্বাধীনতার চেতনা।
কর্মকর্তা-কর্মচারীদের পেনশনসহ আনুষঙ্গিক দাবির প্রেক্ষিতে নজরুল ইসলাম বলেন, অতি দ্রুত সময়ের মধ্যে তাদের সকল দাবি আন্তরিকতার সাথে সমাধান করার চেষ্টা করেছেন ও দ্রুত সময়ের মধ্যে সমাধান করার জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, ডিএসসিসির সচিব মোহাম্মদ বশিরুল ইসলাম ভূঁইয়া, প্রধান প্রকৌশলী মো. আমিনুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্তর্ভুক্ত ঢাকা সিটি করপোরেশন জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের (রেজি নং-ঢাকা ৩২৫৬) নেতা মো. বেলায়েত হোসেন বাবু ও আহাম্মদ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন ডিএসসিসির সকল বিভাগীয় প্রধান ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।









