রাজধানীর যাত্রাবাড়ীর সায়দাবাদে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। তার নাম হাফেজ মো. কামরুল হাসান (২৩)। বুধবার (১৮ ডিসেম্বর) রাত ৯টার দিকে সায়দাবাদ ব্রিজের ঢালে এ ঘটনা ঘটে। যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আতিকুল ইসলাম এ তথ্য জানান।
নোয়াখালীর সেনবাগ উপজেলার কেশারপাড় গ্রামের কাপড় ব্যবসায়ী ইমাম হোসেনের ছেলে কামরুল।
নিহতের বাবা ইমাম হোসেন বলেন, ‘হাফেজি পাস করার পর বর্তমানে আমার সঙ্গে গার্মেন্টস আইটেম পোশাকের ব্যবসা দেখাশোনা করতো কামরুল। পরিবারের সঙ্গে থাকতো রায়েরবাগ মুজাহিদ নগর এলাকায়। দুই ভাই দুই বোনের মধ্যে সে ছিল বড়।’
তিনি বলেন, ‘বুধবার রাতে বন্ধুদের সঙ্গে কক্সবাজার ঘুরতে যাওয়ার কথা ছিল কামরুলের। সায়দাবাদ থেকে বাসে ওঠার কথা থাকলেও কামরুল রায়েরবাগ থেকে গাড়িতে উঠতে চেয়েছিল। কিন্তু তার বন্ধুরা রাজি না হয়ে সায়দাবাদে যেতে বলে। এশার নামাজ পড়ে রায়েরবাগের বাসা থেকে সায়েদাবাদের উদ্দেশে বের হয় কামরুল। তাকে ১০ হাজার টাকা দেওয়া হয়। তার এক পকেট তিন হাজার টাকা পাওয়া গেলেও বাকি সাত হাজার টাকা এবং মোবাইল ফোন পাওয়া যায়নি।’
ইমাম হোসেনের অভিযোগ, বন্ধুরা কেন রায়েরবাগ থেকে তাকে গাড়িতে উঠালো না। ঘটনা শোনার পরও কোনও বন্ধু তাকে দেখতে আসেনি। এমনকি কামরুল সায়দাবাদে পৌঁছানোর আগেই তার বন্ধুরা গাড়ি ছেড়ে কক্সবাজারের উদ্দেশে চলে যায়।’ তার বাবার সন্দেহ, এ ঘটনায় তার বন্ধুরা কেউ জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখতে হবে।
এসআই বলেন, ‘অজ্ঞাত ছিনতাইকারীরা সায়েদাবাদ ব্রিজের ঢালে ধারালো অস্ত্র দিয়ে আহত করে ফেলে রেখে যায় ওই যুবককে। পরে স্বজনরা উদ্ধার করে মুগদা হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।









