রাজধানীর কদমতলীতে মো. বেলাল হোসেন (১২) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২১ ডিসেম্বর) বিকাল সোয়া ৪টায় কদমতলীর জামতলা তুষারধারা ভাড়া বাসার সামনে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ডিএমপির কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
পরিবারে বরাত দিয়ে এসআই জানান, বেলাল বাসার পাশে খালি জায়গায় বেলা সাড়ে ১১টার দিকে একটি বাঁশের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে মারা গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে আমরা বিকালে মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) মর্গে পাঠানো হয়। এছাড়া অন্য কোনও কারণ রয়েছে কিনা তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার নিশ্চিত হওয়া যাবে।
মৃতের বাবা মো. আলম বলেন, তার ছেলে জামতলা এলাকার মার্কাজুল জান্নাত নামে মাদ্রাসায় বাসা থেকে যাওয়া-আসা করে হাফেজী পড়তো। সকালে সে মাদ্রাসায়ও গিয়েছিল। পরে বেলা আনুমানিক সাড়ে ১১টায় বাসার পাশে খালি জায়গায় বাঁশের সঙ্গে ঝুলতে দেখে লোকজন সংবাদ দেয়। ততক্ষণে তার মৃত্যু হয়। পরে সেখান থেকে তাকে উদ্ধার করা হয়। কীভাবে বা কী কারণে এ অবস্থা হয়েছে সে বিষয়ে তিনি কিছুই জানতে পারেননি।
ভোলা সদর উপজেলার পূর্ব চরখালী গ্রামের ভ্যানচালক মো. আলমের ছেলে বেলাল। বর্তমানে কদমতলীর জামতলা তুষার ধারা মনির হোসেনের বাড়িতে পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতো।









