বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরী ওরফে এস কে সুর চৌধুরী ও তার স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী এবং কন্যা নন্দিতা সুর চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (২৩ ডিসেম্বর) তাদের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম।
অর্থপাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তাদের সম্পদ বিবরণী দাখিলের জন্য এস কে সুর চৌধুরীকে দুদক থেকে চিঠি দেওয়া হয়। একাধিকবার তাগাদা দেওয়া হলেও তারা সম্পদের হিসাব বিবরণী জমা দেননি।
নির্ধারিত সময় সীমার মধ্যে দুর্নীতি দমন কমিশনে সম্পদ বিবরণী দাখিল না করায় তাদের বিরুদ্ধে দুদক আইনে মামলা দায়ের (নন-সাবমিশন) করা হয়েছে। দুদকের উপ-পরিচালক নাজমুল হুসাইন এসব মামলা দায়ের করেন।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই তারা পলাতক রয়েছেন বলে জানিয়েছে দুদকের একটি সূত্র।









