ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সংস্কৃত বিভাগের শিক্ষক ড.সঞ্চিতা গুহ চৈতিকে ‘ফ্যাসিবাদী আওয়ামী লীগের দোসর, সন্ত্রাসীদের ইন্ধনদাতা’ অভিহিত করে তাকে বিভাগের চেয়ারম্যান হিসেবে নিয়োগ না দেওয়া এবং শ্রেণি কার্যক্রম থেকে বিরত রাখার দাবি জানিয়েছেন বিভাগটির শিক্ষার্থীরা।
সোমবার (৩০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে পাদদেশে এক মানববন্ধন করে এ দাবি জানান তারা। শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য অদমা ১৪, প্রত্যয়ী-১৫, সংকল্প-১৬, সুশ্চম ১৭ এবং সৌরচান্দ্রিক ১৮ ব্যাচের কোনও ক্লাস ড.সঞ্চিতা গুহ চৈতিকে দেওয়া যাবে না বলেও দাবি জানান শিক্ষার্থীরা।
জানা গেছে, জুলাই আন্দোলনের সময় বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ছিলেন অধ্যাপক ড.সঞ্চিতা গুহ চৈতি। শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, আন্দোলনের সময় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর ফেসবুক পোস্টে কমেন্ট করে শিক্ষার্থীদের ওপর হামলার উসকানি দেন সঞ্চিতা গুহ চৈতি। এছাড়া শিক্ষার্থীদের ওপর হামলা ও হুমকি-ধামকির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
সংস্কৃত বিভাগের শিক্ষার্থী ইমরান হোসেন বলেন, ‘তিনি আওয়ামী প্রভাব খাটিয়ে কলা অনুষদের বড় বড় পোস্ট বাগিয়ে নিতেন। ছাত্র উপদেষ্টা হয়েও তিনি শিক্ষার্থীদের হুমকি-ধামকি দিতেন। এছাড়া টুপি-দাঁড়ি দেখলেও তিনি নানা বাজে কথা কথা বলতেন ছাত্রদের।’
আরেক শিক্ষার্থী সাকিব মাহমুদ বলেন, ‘তিনি শিক্ষার্থীদের হিজাব নিয়ে নানা বাজে কথা বলতেন। ঠিকমতো ক্লাস নিতেন না। শিক্ষার্থীদের হুমকি-ধামকি দিতেন। আন্দোলনের সময় তিনি সন্ত্রাসীদের উসকে দিতেন, যাতে শিক্ষার্থী ওপর হামলা করা হয়।
শিক্ষার্থীদের অভিযোগ নিয়ে জানতে চাইলে অধ্যাপক সঞ্চিতা গুহ চৈতি বলেন, ‘আমার সঙ্গে এটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হচ্ছে। তারা আমার বিরুদ্ধে যেসব অভিযোগ করেছে, এসবের কোনও প্রমাণ তাদের কাছে নেই। আমি সামনে চেয়ারম্যান হবো এটা ঠেকানোর জন্য একদল শিক্ষার্থী আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলছি, আমার কোনও অপরাধ নেই।’









