সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪৩ জন সাবেক সংসদ সদস্যের (এমপি) বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা হয়েছে। এর মধ্যে ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত ২৯৫ জন সংসদ সদস্য ও সংরক্ষিত নারী আসনের ৪৯ জন সংসদ সদস্য রয়েছেন। এছাড়া এ মামলায় আরও ১১৯ জনকে আসামি করা হয়।
ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ মোহাম্মদ সালেহর আদালতে সোমবার (৬ জানুয়ারি) গার্মেন্টকর্মী মো. আলাদুল ইসলাম ওরফে আলাউদ্দিন বাদী হয়ে এ মামলা দায়ের করেন। এ বিষয়ে আগে দায়ের করা কোনও মামলা আছে কিনা—তা যাচাই করে ২৭ জানুয়ারির মধ্যে পিবিআইকে অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছে আদালত।
বুধবার (৮ জানুয়ারি) বাদীপক্ষের আইনজীবী মাহবুব হাসান রানা এ তথ্য জানান।
ভুক্তভোগী আলাউদ্দিন দিনাজপুর জেলার বিরল উপজেলার রামনগরের খালপাড়া গ্রামের মো. সাহাবুল হকের ছেলে।
মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন—শেখ হাসিনার শিল্প ও বেসরকারি খাত-বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, মাশরাফি বিন মোর্ত্তজা, সাকিব আল হাসান, সাবেক বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব মুজিবুল হক চুন্নু, এবিএম রুহুল আমিন হাওলাদার ও কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ।
মামলায় অভিযোগ করা হয়েছে, ভুক্তভোগী আলাউদ্দিন আশুলিয়ায় একটি গার্মেন্টে চাকরি করতেন। গত বছরের ৫ আগস্ট তিনি ঢাকার আশুলিয়া এলাকায় ছাত্র-জনতার পক্ষে আন্দোলনে নামেন। এদিন বেলা দুইটার দিকে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলাকালে ডান হাতে গুলিবিদ্ধ হন তিনি। এরপর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে চিকিৎসা নেন তিনি।









