পাঠ্যপুস্তক থেকে ‘আদিবাসী’ শব্দসংবলিত গ্রাফিতি বাদ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভকারী আদিবাসী শিক্ষার্থী-জনতার ওপর হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)।
বুধবার (১৫ জানুয়ারি) এক বিবৃতিতে সংগঠনটি তাদের ক্ষোভ ও প্রতিবাদ জানায়।
বিবৃতিতে এ ঘটনায় ক্ষোভ জানিয়ে এমজেএফ-এর নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, ‘আমরা আদিবাসীদের ন্যায্য দাবির প্রতি সমর্থন জানাচ্ছি এবং একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি এই ন্যাক্কারজনক হামলায় জড়িতদের গ্রেফতার ও বিচারের জোর দাবি জানাচ্ছি।’
নবম-দশম শ্রেণির 'বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি' বইয়ের পেছনের প্রচ্ছদে 'আদিবাসী' শব্দ সংবলিত একটি গ্রাফিতি স্টুডেন্ট ফর সভারেন্টি নামে এক সংগঠনের দাবির মুখে বাতিল করে সরকার।
পুনরায় এটি সংযোজনের দাবিতে বুধবার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন আদিবাসী শিক্ষার্থী-জনতা। এই বিক্ষোভ কর্মসূচিতে স্টুডেন্ট ফর সভারেন্টি হামলা চালালে বেশ কয়েকজন আহত হন।









