রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে ভেজাল ওষুধ (ইনজেকশন) জব্দসহ ভেজাল ওষুধ প্রস্তুত ও বিক্রি চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতাররা হলো- মো. মাঈন উদ্দীন ঘরামি (৪০), মো. সবুজ (৪৫), মো. বাচ্চু (২৬) ও মো. চান মিয়া (৭০)।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত ৯টায় কামরাঙ্গীরচরের আলীনগর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ডিবি লালবাগ বিভাগ। এ সময় তাদের কাছ থেকে ২৬৫ প্যাকেট ভেজাল ওষুধসহ (ইনজেকশন) পুরাতন ব্যবহৃত বিভিন্ন চিকিৎসা সামগ্রী জব্দ করা হয়।
শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে ডিএমপির মিডিয়া শাখার এক বার্তায় এ তথ্য জানানো হয়।
ডিবি পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কামরাঙ্গীরচর থানার আলীনগর বাজার চৌরাস্তা এলাকায় নকল ওষুধ বিক্রির আস্তানায় ডিবি পুলিশ অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় এই চারজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের সহযোগী ১২/১৩ জন কৌশলে পালিয়ে যায়। গ্রেফতারদের হেফাজত থেকে ৯০ প্যাকেট Rhophylac 300, Human anti-D (Rh), Immunoglobulin, Switzerland লেখা ভেজাল ওষুধ (ইনজেকশন), ১৭৫টি G-PETHIDINE Injection (PETHIDINE HYDROCHLORIDE BP),গণস্বাস্থ্য ফারমাসিউটিক্যালস লেখা ভেজাল ওষুধ ও পুরাতন ব্যবহৃত বিভিন্ন চিকিৎসা সামগ্রী উদ্ধার করা হয়।
ডিবি সূত্রে আরও জানা যায়, গ্রেফতাররা ভেজাল ওষুধ প্রস্তুত ও বিক্রয় চক্রের সক্রিয় সদস্য। তারা ব্যবহৃত ইনফিউশন সেট/ট্রান্সফিশন সেটগুলো বিভিন্ন হাসপাতাল ও ভাঙ্গারির দোকান থেকে সংগ্রহ করে নতুন করে পলিথিনে প্যাকেটজাত করে মিটফোর্ট ওষুধ মার্কেটে বিক্রয় করতো। তারা বিক্রির উদ্দেশে জব্দ করা ভেজাল ওষুধগুলো তাদের হেফাজতে রেখেছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।









