সাব্কে সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনের বিরুদ্ধে অর্থপাচার ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একইসঙ্গে তার স্ত্রী ফারজানা চৌধুরীর সম্পদ বিবরণী দাখিলের জন্যও নোটিশ জারি করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।
তিনি বলেন, সাবেক এমপি শাওনের বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন ছাড়াও ২০৮ কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেনের অভিযোগ রয়েছে।
আক্তার হোসেন জানান, নুরুন্নবী চৌধুরী শাওন সংসদ সদস্য থাকা অবস্থায় ৫১ কোটি ৯ লাখ ২৮ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেন। এছাড়াও তার নামের ৩৩টি ব্যাংক হিসাবের মাধ্যমে ২০৮ কোটি ৭০ লাখ ৭৯ হাজার ৪২৩ টাকার সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেন করে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এজন্য দুদক আইন, মানিলন্ডারিং প্রতিরোধ আইন ও দুর্নীতি প্রতিরোধ আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
অপরদিকে তার স্ত্রী ফারজানা চৌধুরী দুই কোটি ২০ লাখ ৬১ হাজার ৬৯৩ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের মালিকানা অর্জন করেছেন মর্মে দুদকের প্রাথমিক তদন্তে প্রতীয়মান হয়েছে। এজন্য দুদক আইনে তার সম্পদ বিবরণী নোটিশ জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।









