রাজধানীর খিলগাঁওয়ে কথা কাটাকাটির জেরে মারধরের শিকার হয়ে মো. মইজ উদ্দিন (৪৪) নামে একজন হকার নিহত হয়েছেন। রবিবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, রবিবার দিবাগত রাতে মুগদা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগ থেকে মইজ উদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, তার কপাল, মুখমণ্ডল, গলাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের সুরতহাল প্রতিবেদনে বলা হয়েছে, আঘাতজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। এ ছাড়াও অন্য কোনও কারণ রয়েছে কিনা তা তদন্ত সাপেক্ষে ও ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে।
নিহতের ভাতিজা আব্দুল মান্নান জানিয়েছেন, মহিজ উদ্দিন ফুটপাতে কাপড়ের ব্যবসা করতেন। থাকতেন খিলগাঁও নন্দিপাড়া এলাকায়। তার বাবার নাম ইছু মিয়া। তিনি একাকী ওই এলাকায় থাকতেন। স্ত্রী অন্যত্র থাকেন। পরিবারের সাথে যোগাযোগ ছিল না।
এ প্রসঙ্গে খিলগাঁও থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা জানান, গতকাল রবিবার সন্ধ্যায় নন্দিপাড়া এলাকায় চা-সিগারেট খাওয়াকে কেন্দ্র করে স্থানীয় সুজন ও মনিরের সাথে কথা-কাটাকাটি হয়, একপর্যায়ে তারা তাকে মারধর করে গুরুতর আহত করে। পরে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় নিহতের বোন নয়নতারা বাদী হয়ে মামলা দায়ের করেছেন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।









