রাজধানীর গুলিস্তানে স্টেডিয়ামের ৩ নম্বর গেটের সামনে থেকে অজ্ঞাত এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৬৫ বছর। মৃতদেহটি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল, পরনে ছিল ময়লাযুক্ত জামা ও একটি কম্বল।
পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফ উল্লাহ জানান, সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে ওই এলাকায় ডিউটির সময় খবর পেয়ে ঘটনাস্থলে যান। অচেতন অবস্থায় বৃদ্ধাকে উদ্ধার করে বিকাল ৪টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসআই আরিফ উল্লাহ আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বার্ধক্যজনিত অসুস্থতার কারণেই তার মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, তিন দিন আগে বাবুল নামে তার এক মেয়ের জামাই বৃদ্ধাকে স্টেডিয়ামের সামনে ফেলে রেখে যায়। বাসায় তিনি বিছানা নষ্ট করে ফেলতেন, সে কারণেই স্বজনরা তাকে এখানে রেখে চলে যান বলে জানা গেছে।
এলাকার এক পথশিক্ষক সাকির ইব্রাহিম মাটি জানান, তিন দিন আগে অসুস্থ অবস্থায় পড়ে থাকা ওই নারীর সঙ্গে কথা বলে তিনি একটি ভিডিও ধারণ করেন এবং তাকে হাসপাতালে নেওয়ারও চেষ্টা করেছিলেন। তখন ওই নারী বলেছিলেন, তার বাড়ি মোহাম্মদপুর লালমাটিয়া ১/২ নম্বর রোডে। বৃদ্ধার পরিচয় শনাক্তে পুলিশের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।









