রাজধানীর উত্তরায় ছিনতাইকারী সন্দেহে দুই যুবককে ফুটওভার ব্রিজে উল্টো করে ঝুলিয়ে গণপিটুনি দিয়েছে পথচারীরা। পরে পুলিশ তাদের উদ্ধার করে বাংলাদেশ কুয়েট-মৈত্রী হাসপাতালে নিয়ে যায়।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উত্তরা বিএনএস সেন্টারের সামনের ফুটওভার ব্রিজে ওপরে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্র জানায়, আহত দুই যুবকের নাম বকুল (৪০) ও নাজিম (৩৫)। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানান হাসপাতালের সংশ্লিষ্ট চিকিৎসক।
বিষয়টি নিশ্চিত করে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিম আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা খবর পেয়ে বিএনএস সেন্টারের সামনে ফুটওভার ব্রিজের ওপর থেকে গুরুতর আহত অবস্থায় দুই জনকে উদ্ধার করি। তাদের কুয়েত-মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুই জনের অবস্থাই আশঙ্কাজনক।
কেন তাদের গণপিটুনি দেওয়া হয়েছে জানতে চাইলে ওসি বলেন, প্রাথমিকভাব জানতে পেরেছি আহতরা পশ্চিম থানা এলাকায় ছিনতাই করতে গিয়ে পথচারীদের কাছে ধরা পড়েছে। পরে পথচারীরা তাদের প্রধান সড়কে এনে ফুটওভার ব্রিজের ওপর নিয়ে গণপিটুনি দিয়েছে। তবে কোথায় ছিনতাই করেছে বা কার সঙ্গে ছিনতাইয়ের ঘটনা ঘটে এমন কাউকে পাওয়া যায়নি।
এদিকে দুই যুবককে ফুটওভার ব্রিজের ওপর উল্টো করে ঝুলিয়ে গণপিটুনি ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, বেশ কয়েকজন পথচারী দুই যুবকের পায়ে রশি বেঁধে ফুটওভার ব্রিজের ওপরে উল্টো করে ঝুলিয়ে রাখেন। পরে লাঠিসোঁটা দিয়ে তাদের গণপিটুনি দেওয়া হয়। এ সময় তাদের পরনের জামাকাপড় খুলে যায়।
স্থানীয় সূত্র জানায়, গত কিছুদিন ধরে চলমান ছিনতাইয়ের ঘটনায় সবার মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে। তাই ছিনতাইয়ের ঘটনা জানার পর সবাই তাদের গণপিটুনি দেয়।
এ ঘটনায় উত্তরা পূর্ব থানা কোনও অভিযোগ আসেনি বলেও জানায় থানা পুলিশ।









