স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) মামলাটি দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম।
তিনি বলেন, ধনঞ্জয়ের বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদের তথ্য পেয়েছে দুদক।
তিনি জানান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নেতৃত্বে ছয় সদস্যের একটি সিন্ডিকেট নিয়োগ, পদায়ন ও বদলি বাণিজ্যের মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করে। এ অভিযোগে গত বছরের ১৫ আগস্ট দুদকের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি অনুসন্ধান টিম গঠন করা হয়। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ওই সিন্ডিকেটের অন্যতম সদস্য ছিলেন সাবেক যুগ্ম সচিব (পুলিশ অধিশাখা) ধনঞ্জয় কুমার দাস। গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর সরকারের এই ঊর্ধ্বতন কর্মকর্তা পালিয়ে যান। দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় এক সপ্তাহ আগে ২০ ফেব্রুয়ারি ধনঞ্জয় কুমার দাসকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।
ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে দায়ের করা মামলার এজাহারে বলা হয়, তার বিরুদ্ধে ২ কোটি ৪৭ লাখ ৪২ হাজার ৮২৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। এছাড়াও নিজ নামের ১৪ ব্যাংক হিসাবের মাধ্যমে ৫ কোটি ৯০ লাখ ১৫ হাজার ৫৯০ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করেছেন এই কর্মকর্তা। এতে তিনি মানিলন্ডারিং প্রতিরোধ আইন, দুর্নীতি দমন কমিশন আইন ও দুর্নীতি প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।









