প্রশাসন ক্যাডার কর্তৃক পক্ষপাতিত্বপূর্ণ ও বৈষম্যমূলকভাবে সাময়িক বরখাস্তের প্রতিবাদে এবং আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। পরিষদের অন্তর্ভুক্ত ২৫ ক্যাডারের সদস্যরা সারা দেশের বিভিন্ন দফতরে এই কর্মসূচি পালন করে।
রবিবার (২ মার্চ) এদিন সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত কর্মকর্তারা নিজ নিজ দফতরের সামনে কালো ব্যাজ পরে ব্যানারসহ অবস্থান করেন। অবস্থান কর্মসূচি শেষে প্রতিটি দফতর নিজ নিজ কার্যালয়ে অথবা কয়েকটি ক্যাডার সম্মিলিতভাবে সাংবাদিকদের আমাদের দাবির বিষয়ে ব্রিফ করেন। জেলা ও বিভাগীয় পর্যায়ে হাসপাতালের সামনে এই অবস্থান কর্মসূচি পালন ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। হাসপাতালের জরুরি বিভাগসহ অন্যান্য জরুরি সেবা প্রদান কার্যক্রম এ কর্মবিরতির আওতার বাইরে ছিল।
আগামী এক সপ্তাহের মধ্যে পক্ষপাতদুষ্ট এ আদেশ প্রত্যাহার না হলে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে ‘আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ’ এর পক্ষ থেকে জানানো হয়।
সম্প্রতি ফেসবুকে লেখালেখির মত তুচ্ছ কারণে ২৫ ক্যাডারের ১২ জন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই ধরনের কাজ প্রশাসন ক্যাডারের সদস্যরা করলেও তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা গ্রহণ করা হয়নি। বৈষম্যপূর্ণ রাষ্ট্রীয় ব্যবস্থাকে কাজে লাগিয়ে প্রশাসন ক্যাডার ২৫ ক্যাডারের ন্যায্য দাবি আদায় ও জনপ্রশাসন সংস্কার কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে এমন ব্যবস্থা গ্রহণ করেছেন বলে ‘আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ’ দাবি করেছে। কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠা, ডিএস পুলের কোটা বাতিল, সকল ক্যাডারের সমতা বিধানের দাবি জানিয়ে আসছে সিভিল সার্ভিসের ২৫ ক্যাডারের কর্মকর্তারা।









