মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে ইতিমধ্যে মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়ে গেছে। মার্কিন ভূতাত্বিক সংস্থা ইউএসজিএস আশঙ্কা করছে, মিয়ানমারে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়াতে পারে। এই অবস্থায় এখন পর্যন্ত থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের বিষয়ে এখনও নেতিবাচক কোনও কিছু জানায়নি সদস্য রাষ্ট্র মিয়ানমার।
এবিষয়ে একটি কূটনৈতিক সূত্র জানায়, গত বছর বিমসটেক শীর্ষ সম্মেলন হওয়ার কথা ছিল। সেটি পরবর্তী সময়ে সব সদস্য রাষ্ট্রের মতামত নিয়ে ৪ এপ্রিল নির্ধারিত হয়। ইতিমধ্যে থাইল্যান্ড তাদের সব প্রস্তুতি শেষ করেছে। আমরা আশাবাদী সবাই সম্মেলনে অংশগ্রহণ করবে।
তিনি বলেন, এখন পর্যন্ত সম্মেলন হওয়ার বিষয়ে সবাই ইতিবাচক আছে। কিন্তু মিয়ানমারের পরিস্থিতি বেশি খারাপ হলে, হয়তো প্রতিনিধি দলের নেতৃত্ব পররাষ্ট্র মন্ত্রী দিতে পারে।
উল্লেখ্য, মিয়ানমার দলের নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে দেশটির সিনিয়র জেনারেল মিং আং হ্লাইং। বঙ্গোপসাগর অঞ্চলের জোট বিমসটেকে সাতটি রাষ্ট্র সদস্য রয়েছে। থাইল্যান্ড ও মিয়ানমার ছাড়া অন্য রাষ্ট্রগুলো হচ্ছে বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কা। থাইল্যান্ডে শীর্ষ সম্মেলনের পরে বাংলাদেশ বিমসটেকের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করবে।









