ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন। এ সময় তারা বাংলাদেশ সেনাবাহিনীকে ফিলিস্তিনে শান্তি মিশনে পাঠানো, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিবৃতি দিয়ে নিন্দা জানানোসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।
সোমবার (৭ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের সামনে শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্র্যাজুয়েট কলেজ, ইসলামি যুব মজলিস, বাংলাদেশ ইসলামি ফ্রন্ট, বাংলাদেশ খেলাফতে যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত পৃথক সমাবেশে এসব দাবি জানান তারা।
শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্র্যাজুয়েট কলেজ আয়োজিত সমাবেশে উপস্থিত ছিলেন শিক্ষাপ্রতিষ্ঠানটির ছাত্র-শিক্ষকরা। এ সময় তারা বাংলাদেশ সরকারের কাছে কিছু দাবি তুলে ধরেন।
দাবিগুলো হলো
বাংলাদেশ সেনাবাহিনীকে ফিলিস্তিনে শান্তি মিশনে পাঠাতে হবে। আর এটাতে যদি সরকার ব্যর্থ হয় তবে সামরিক প্রশিক্ষণ দিয়ে পাঠানোর ব্যবস্থা করুক; ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে হবে; ইসরায়েলকে যেসব রাষ্ট্র সরাসরি অস্ত্র সরবরাহ করছে সেসব রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে। তাদের কাছ থেকে সব ধরনের পণ্য বাংলাদেশে বয়কট করতে হবে; ইসরায়েল আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের উপদেষ্টাদের বিবৃতি দিয়ে নিন্দা জানাতে হবে এবং ইসরায়েলের বিরুদ্ধে তাদের অবস্থান নিতে হবে; বাংলাদেশে ইসরায়েলের যেসব প্রতিষ্ঠান রয়েছে অনতিবিলম্বে সেসব প্রতিষ্ঠান বন্ধ করতে হবে।
এ সময় উপস্থিত শিক্ষকরা সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, ইসরায়েলি রাষ্ট্র প্রতিনিয়ত ফিলিস্তিনকে ধ্বংস করে দিচ্ছে। আমরা সবাই যেন প্রতিবাদী হই। আমাদের সমগ্র মুসলিম উম্মা যেন জাগ্রত হই। সবাই ফিলিস্তিনের পাশে দাঁড়াই।
বাংলাদেশ ইসলামি ফ্রন্ট, যুবসেনা, ছাত্রসেনা আয়োজিত সমাবেশে সংগঠনের নেতারা বলেন, আমরা চাই জাতিসংঘ আমাদের মুসলিম ভাই ফিলিস্তিনের পক্ষে থাকতে হবে। নেতানিয়াহুকে ফাঁসি দিতে হবে। সবাই ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন।
তারা আরও বলেন, আমরা যখন এখানে উপস্থিত হয়েছি তখন ফিলিস্তিনে হামলা হচ্ছে। আমরা কীভাবে প্রতিবাদ না করে থাকতে পারি। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই। আমরা মুসলিমরা আমাদের দায়িত্বের কাছে হেরে গিয়েছি। আমাদের সবাইকে পথে নামতে হবে। ইসরায়েলের সব পণ্য বয়কট করতে হবে।
এছাড়াও বাংলাদেশ খেলাফতে যুব মজলিস, ইসলামি যুব মজলিসের নেতারা সারা বিশ্বের মুসলমানদের একত্রিত হয়ে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানান। পাশাপাশি ফিলিস্তিনের গাজায় গণহত্যার চালানোর তীব্র নিন্দা জানান।









