সাবেক নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন ছাড়াও নিজের নামে থাকা ১৬টি ব্যাংক হিসাবের মাধ্যমে ১৩ কোটি ৬৮ লাখ ২৩ হাজার ৫১০ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছে দুদক।
সোমবার (৭ এপ্রিল) দুপুরে নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।
দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন জানান, সাবেক নৌ পরিবহন মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী প্রতিমন্ত্রী থাকা অবস্থায় জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৫ কোটি ৭৩ লাখ ৮২ হাজার ৬৮৭ টাকার সম্পদ অর্জন করে ভোগ দখলে রেখেছেন। একইসঙ্গে নিজ নামের ১১টি ব্যাংক হিসাব ও ৫টি কার্ড হিসাবের মাধ্যমে ১৩ কোটি ৬৮ লাখ ২৩ হাজার ৫১০ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন। এসব অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন, মানিলন্ডারিং প্রতিরোধ আইন ও দুর্নীতি প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম।









