রাজধানীর রামপুরা উলন রোডে একটি নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে মো. হারুন (৬৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ জুলাই) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
হারুনের বাড়ি চাঁদপুর জেলায়। তিনি রামপুরার উলন রোডে ওই নির্মাণাধীন ভবনেই ভাড়া বাসায় থাকতেন।
নিহতের প্রতিবেশী মো. জাহিদুল ইসলাম জানান, হারুন পেশায় কনস্ট্রাকশন ঠিকাদার ছিলেন। রামপুরা উলন রোডের একটি তিনতলা ভবনের ছাদে অংশবর্ধনের কাজ চলছিল। ছাদে সেন্টারিংয়ের কাজ করার সময় তিনি নিচে পড়ে যান। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে। পরে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে বিকাল ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মো. ফারুক বলেন, মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি।









