জুলাই আন্দোলনকেন্দ্রিক রাজধানীর যাত্রাবাড়ী থানার রাসেল বকাউল ও রিটন উদ্দিন হত্যার পৃথক দুই মামলায় সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমের আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১৬ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াকের আদালত এ আদেশ দেন।
আজ আসামিকে আদালতে হাজির করে পাঁচ দিন করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পুলিশ পরিদর্শক মো. শাহানুজ্জামান ও সারোয়ার জাহান। আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী রিমান্ড বাতিল চেয়ে জামিনের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে দুই মামলায় আট দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।
গত বছরের ১ অক্টোবর জাহাঙ্গীর আলমকে রাজধানী থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ। ওই দিন তাকে পাঁচ দিনের রিমান্ড দেয় আদালত। এরপর ৫ অক্টোবর রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। পরে বেশ কয়েকবার রিমান্ডে নেওয়া হয় তাকে।
রাসেল হত্যা মামলার সূত্রে জানা গেছে, গত বছরের ৫ আগস্ট যাত্রাবাড়ী থানার সামনের সড়কে আন্দোলনে অংশ নেন ভুক্তভোগী রাসেল বকাউল (২২)। এ সময় পুলিশের হামলায় গুলিবিদ্ধ হন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ২৮ আগস্ট নিহতের বড়ভাই হাসনাত বাকাউল বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন।
রিটন হত্যা মামলার অভিযোগ থেকে জানা গেছে, ৫ আগস্ট যাত্রাবাড়ী থানার সামনে গুলিবিদ্ধ হন রিটন উদ্দিন। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গত ২৯ আগস্ট যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা হয়।









