বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে জুলাই-আগস্টে লক্ষ্মীপুরে শিক্ষার্থীসহ পাঁচ জনকে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে অন্য মামলায় গ্রেফতার তিন আসামিকে আগামী ২৮ জুলাই হাজিরের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আসামিরা হলো, লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারী, সদর উপজেলার দিঘলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন জাবেদ এবং জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহীন আলম।
প্রসিকিউশনের আবেদনের শুনানি নিয়ে বুধবার (১৬ জুলাই) চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন।
ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তার সঙ্গে ছিলেন প্রসিকিউটর আবদুস সাত্তার পালোয়ান।
মামলার বিবরণী থেকে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট লক্ষ্মীপুরে ছাত্র-জনতার আন্দোলনে হামলা চালান আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। তাদের গুলিতে চার শিক্ষার্থীসহ পাঁচ জন নিহত হন। তারা হলেন– আল আসাদ আফনান, সাব্বির হোসেন রাসেল, কাউসার হোসেন, ওসমান গণি ও মো. সুজন। এর মধ্যে আফনান শহরের মাদাম ব্রিজ ও অন্যরা তমিজ মার্কেট এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
ওই ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়।









