ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে তিতা টিভির এডমিন আবু রায়হান জুয়েলের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত গত ৮ জুলাই মামলাটি গ্রহণ করেন। একইসঙ্গে এ বিষয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) আগামী ২ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের আদেশ দেন।
মঙ্গলবার (২২ জুলাই) আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।
ধর্মীয় অনুভূতি আঘাতের অভিযোগ দণ্ডবিধির ২৯৫(ক) ও ২৯৮ ধারায় মামলা করেন আল আমিন নামে এক ব্যক্তি।
মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন, আসামি দীর্ঘদিন ধরে ইসলাম ধর্মের ওপর আঘাত করে তার জুয়েল রানা নামের ফেসবুক আইডিতে লেখালেখি ও তিতা টিভি নামের ইউটিউব চ্যানেলে ভিডিও ছাড়েন। যা ইসলাম ধর্মাবলম্বীদের হৃদয়ে আঘাত করেছে। গত ২০ জুন এ বিষয়টি বাদীর দৃষ্টিগোচর হয়।









