চাকরি পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন আল আরাফাহ ইসলামী ব্যাংকের (এআইবি) চাকরিচ্যুত কর্মকর্তারা।
বুধবার (২৩ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন তারা।
কর্মসূচিতে তারা বলেন, গত ২০ জুলাই অফিস শেষ করে বের হওয়ার সময় হঠাৎ ই-মেইলে একসঙ্গে ৫৪৭ জনকে চাকরিচ্যুত করা হয়। আমাদের চাকরি স্থায়ী করা হলেও কোনও কারণ ছাড়াই অব্যাহতি দেয় ব্যাংক কর্তৃপক্ষ। এই বৈষম্য আমরা মানি না।
সায়েদাবাদ থেকে আসা কর্মকর্তা (চাকরিচ্যুত) মিজানুর রহমান বলেন, তিন বছরের বেশি সময় ধরে আমরা এআইবি ব্যাংকে চাকরি করেছি। আমাদের স্থায়ী নিয়োগ থাকা অবস্থায় কর্তৃপক্ষ নতুন এজেন্ডা বাস্তবায়নে নতুন নিয়োগ দিচ্ছে। কোন আইনে তারা এটি করছে এর জবাব দিতে হবে।
চাকরিচ্যুত অফিসার জেনারেল মো. ফরহাদ হোসেন বলেন, আমরা যোগ্যতার প্রমাণ দিয়ে কয়েক বছর কাজ করে আসছি। যদি অযোগ্য হতাম তাহলে ইনক্রিমেন্ট ও স্থায়ীকরণ করেন কী করে? ব্যাংকের নীতিমালা না মেনেই আমাদের চাকরিচ্যুত করেছেন। এটা আমরা মানি না।
তিনি বলেন, অনেকের চাকরি শেষ পর্যায়ে। অনেকের চাকরির বয়স নেই। অনেকের পরিবারে মা-বাবা অসুস্থ। তাহলে হঠাৎ চাকরিচ্যুত করলে আমরা কোথায় যাবো? কী কারণে আমাদের চাকরিচ্যুত করেছে তার স্পষ্ট ব্যাখ্যা না দিলে আমরা পরিবার নিয়ে আন্দোলন করতে বাধ্য হবো। দরকার হলে আমরণ অনশনে যাবো।
অবস্থান কর্মসূচিতে আরও বক্তব্য দেন—চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তা মো. নুরুল আকিব, আরিফা খাতুন, আফরিন, নুরুল আকিব, সালাহ উদ্দিন, আমিনুল ইসলাম সোহানা প্রমুখ।









