স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ পালাবদলের মুহূর্ত ২০২৪ সালের জুলাই। গত বছরের জুলাই-আগস্ট মাসের দিনগুলো ফিরে দেখতে বাংলা ট্রিবিউনের এই প্রয়াস।
আজ ২৫ জুলাই। ২০২৪ সালের এই দিনটি ছিল বৃহস্পতিবার। সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক দ্বিতীয় দিনের মতো বেলা ১১টায় শুরু হয়েছে ও চলবে বেলা ৩টা পর্যন্ত।
ঢাকা মহানগর ও ঢাকা জেলা, গাজীপুর মহানগর ও গাজীপুর জেলা, নরসিংদী ও নারায়ণগঞ্জে এ দিনও সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকে। অর্থাৎ দিনের বেলায় ৭ ঘণ্টা কারফিউ শিথিল। এর আগের দিনও একইভাবে কারফিউ শিথিল রাখা হয়।
সারা দেশে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে আরও প্রায় ১ হাজার ৪০০ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে রাজধানী ঢাকায় গ্রেফতার করা হয়েছে ৬৪১ জনকে।
সাম্প্রতিক সময়ে সংঘটিত নাশকতার অভিযোগে ৫ দিনে ঢাকাসহ সারা দেশে অভিযান চালিয়ে ২২৮ জনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।









