ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলগুলোতে শুক্রবার (৮ আগস্ট) ছাত্রদলের কমিটি ঘোষণার পরপরই বিক্ষোভ শুরু করেন সাধারণ শিক্ষার্থীরা। মধ্যরাত পর্যন্ত শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ২০২৪ সালের ১৭ জুলাই ছাত্ররাজনীতি বন্ধের যে নোটিশ হলগুলো দিয়েছিল, সেই ফ্রেমওয়ার্ক অনুযায়ী কার্যক্রম পরিচালনার ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ।
শনিবার (৯ আগস্ট) রাত ২টা ৪৫ মিনিটে এ ঘোষণা দেন তিনি। তবে এতে করে চাপ সৃষ্টি হয়েছে হলগুলোর প্রভোস্টদের ওপর।
১৭ জুলাইয়ের ফ্রেমওয়ার্ক ও হলে ছাত্ররাজনীতি প্রসঙ্গে আজ শনিবার (৯ আগস্ট) প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে বসেছে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলের প্রভোস্টরা। কবি জসীম উদদীন হলের প্রভোস্ট অধ্যাপক শাহীন খান এ তথ্য জানান।
শুধু প্রভোস্ট মিটিংই নয়, শিক্ষার্থী ও ছাত্র সংগঠনগুলোর সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন আবার বসবে বলেও জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ। তবে তার দিন-তারিখ এখনও নির্ধারণ করা হয়নি।








