সারা দেশের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের বিতর্ক শেখার সুযোগ করে দিতে বাংলাদেশ ডিবেট ফেডারেশন (বিডিএফ) চালু করেছে স্কুল অব ডিবেট-২০২৫।
রবিবার (১০ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে দেশের প্রথিতযশা বিতার্কিকদের উপস্থিতিতে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে বিডিএফ-এর মৌলিক ও প্রসিদ্ধ এই কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিএফ-এর সাবেক সভাপতি ড. আব্দুন নূর তুষার, বুলবুল হাসান, হাসান মাহমুদ বিপ্লব বাবু, সাবেক সাধারণ সম্পাদক আসিফ নেওয়াজ এবং যুক্তরাজ্যের রেডব্রিজ কাউন্সিলের কেবিনেট সদস্য সৈয়দা সায়মা আহমেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিডিএফ-এর সাধারণ সম্পাদক জিহাদ আল মেহেদী এবং সভাপতিত্ব করেন বিডিএফ-এর সভাপতি প্লাবন গঙ্গোপাধ্যায়।
মোট ১৮টি অনলাইন ক্লাসের সমন্বয়ে তিন মাসব্যাপী এই সার্টিফিকেট কোর্সে প্রশিক্ষক হিসেবে থাকবেন দেশের স্বনামধন্য ও অভিজ্ঞ বিতার্কিকেরা। বিতর্কে অভিজ্ঞ ও অনভিজ্ঞ এই আয়োজনে পাঠ্যক্রমকে তৈরি করা হয়েছে—আগ্রহী শিক্ষার্থীরা আনুষ্ঠানিকভাবে বিতর্ক শেখার পাশাপাশি তাদের কার্যকরী অভিজ্ঞতা, জ্ঞান এবং পাবলিক স্পিকিংয়ের দক্ষতা উন্নত করতে পারবে।









